
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন কানাডার সাবেক প্রতিরক্ষা ও পাবলিক সেফটি মন্ত্রী এবং টরন্টোর প্রাক্তন পুলিশ প্রধান বিল ব্লেয়ারের সঙ্গে ১১ জুলাই শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।
বৈঠকে আলোচ্য বিষয়:
আইন-শৃঙ্খলা ও সুশাসন,
দুর্যোগ ব্যবস্থাপনা
আন্তর্জাতিক সহযোগিতা
নিরাপত্তা বাহিনীর জবাবদিহিতা
বাংলাদেশ-কানাডা বাণিজ্য সহযোগিতা।
বিল ব্লেয়ার আধুনিক নগর ব্যবস্থাপনায় পুলিশ বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “কমিউনিটি পুলিশিং ও জনসম্পৃক্ততা নগর নিরাপত্তার ভিত্তি হতে পারে।”
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,
“চট্টগ্রামে পুলিশের জবাবদিহিতা ও নাগরিকবান্ধব নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ শুধু আদালতের নয়, জনগণের প্রতিও জবাবদিহি করবে।”
দুর্যোগ ব্যবস্থাপনায় কানাডার সহযোগিতা চাওয়া হয়, বিশেষ করে প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে। বিল ব্লেয়ার কানাডার অভিজ্ঞতা থেকে চট্টগ্রামকে সহায়তা করার আশ্বাস দেন।
এছাড়াও বাংলাদেশ-কানাডা বাণিজ্য জোট গঠন, চট্টগ্রামে বিদেশি বিনিয়োগ, এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর মাধ্যমে জলবায়ু ও উন্নয়ন ইস্যুতে যৌথ কাজ করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
মেয়র ডা. শাহাদাত আশা প্রকাশ করে বলেন,
“বিল ব্লেয়ারের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করে আমরা নগরবাসীর জন্য একটি নিরাপদ, আধুনিক ও টেকসই চট্টগ্রাম গড়ে তুলতে চাই।”