
বাংলাদেশে স্টারলিংক কার্যক্রম সফলভাবে চালু করতে সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। তিনি বলেন, “বাংলাদেশের মতো এত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ আমরা আগে কখনও, কোথাও দেখিনি।”
শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
স্পেসএক্স ভাইস প্রেসিডেন্ট জানান, “আমরা ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে কাজ করেছি, কিন্তু বাংলাদেশে যেভাবে একযোগে এবং দ্রুতগতিতে কাজ হয়েছে, তা সত্যিই ব্যতিক্রম। স্পেসএক্সের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে বাংলাদেশের টিমের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।”
বৈঠকে ড. ইউনূস বলেন, বর্তমানে বর্ষাকাল — একদিকে দেশের মনোরম প্রাকৃতিক পরিবেশ, অন্যদিকে বন্যা ও জলাবদ্ধতার বাস্তবতা আমাদের নির্ভরযোগ্য প্রযুক্তির গুরুত্ব বোঝায়। তিনি বলেন, “পার্বত্য ও প্রত্যন্ত অঞ্চলে উন্নত কানেক্টিভিটি নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। সেখানে শিক্ষক, চিকিৎসক সংকট থাকায় আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর লক্ষ্যে কাজ করছি।”
স্বাস্থ্যখাতেও ডিজিটাল সেবার প্রসারে গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন, “অনলাইনে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ, চিকিৎসা ইতিহাস ডিজিটালভাবে সংরক্ষণ — এগুলো স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে, বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটি হবে নিরাপদ ও কার্যকর সমাধান।”
তিনি আরও বলেন, “প্রবাসীরাও এ ডিজিটাল স্বাস্থ্যসেবার মাধ্যমে উপকৃত হবেন। দেশের ডাক্তারদের সঙ্গে তারা অনলাইনে মাতৃভাষায় পরামর্শ করতে পারবেন, যা তাদের জন্য স্বস্তিদায়ক হবে।”
প্রধান উপদেষ্টা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা যেসব ছোট উদ্যোগ নিয়েছি, স্পেসএক্স চাইলে সেগুলো বৈশ্বিক পরিসরে তুলে ধরতে পারে।”
ড. ইউনূসের বক্তব্যের প্রশংসা করে লরেন ড্রেয়ার বলেন, “আপনারা বাংলাদেশে যা করছেন, সেটি গ্লোবাল লিডারদের জন্য একটি অনুকরণীয় উদাহরণ হতে পারে।”
তিনি বলেন, “সরকারি সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আপনার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি জানি, দুর্নীতি অনেক দেশের জন্য চ্যালেঞ্জ। কিন্তু প্রযুক্তি দিয়ে বিকেন্দ্রীকরণ ও সুশাসন নিশ্চিত করা সম্ভব — আর আপনি সেটিই করে দেখাচ্ছেন।”
বৈঠকে উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালট্যান্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রমুখ।