
বঙ্গোপসাগরের উত্তাল জলরাশিতে টানা চার দিন ভেসে থাকা একটি মাছ ধরার ট্রলার এবং তাতে থাকা ১৮ জন অসহায় জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ইঞ্জিন বিকল হয়ে পড়া ‘হাবিবা’ নামক ট্রলারটি কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সমুদ্রে বিপদগ্রস্ত অবস্থায় ছিল।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) নিয়মিত টহলের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’ মহেশখালী থেকে প্রায় ২৫ মাইল পশ্চিমে একটি ভাসমান ট্রলার শনাক্ত করে। ট্রলারে অবস্থানরত জেলেরা সংকেত প্রদর্শনের মাধ্যমে সাহায্যের আকুতি জানালে দ্রুত নৌবাহিনীর জাহাজটি তাদের কাছে পৌঁছে যায়।
নৌ সদস্যদের জানানো হয়, ভোলা জেলার মনপুরা থেকে মাছ ধরতে আসা ট্রলারটির ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যাওয়ায় তারা গত চার দিন ধরে গভীর সমুদ্রে আটকে ছিলেন। খাবার ও পানি শেষ হয়ে যাওয়ায় জেলেদের অবস্থা ছিল করুণ। নৌবাহিনী তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি এবং প্রাথমিক চিকিৎসা সরবরাহ করে। পরে তাদের ট্রলারসহ নিরাপদে কুতুবদিয়া উপকূলে পৌঁছে দেওয়া হয়।
উদ্ধার হওয়া ১৮ জন জেলে বর্তমানে সুস্থ আছেন এবং তাঁরা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাংলাদেশ নৌবাহিনী জানায়, দেশের সমুদ্রসীমায় জেলেদের নিরাপত্তা, ব্লু ইকোনমি সংরক্ষণ এবং চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত টহল অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।