
কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি ওয়াহিদ মালেক বলেছেন, “কিডনি রোগ এখন মহামারীর রূপ নিচ্ছে”। তিনি জানান, দেশের প্রায় ২ কোটি মানুষ কোনো না কোনোভাবে কিডনি সমস্যায় আক্রান্ত, যা অত্যন্ত উদ্বেগজনক।
২৭ জুলাই (রবিবার) সন্ধ্যা ৭টায় দৈনিক আজাদী ভবনের কনফারেন্স হলে কিডনি রোগী কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটির এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ওয়াহিদ মালেক।
সভায় তিনি আরও বলেন, কিডনি চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় দরিদ্র রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে অকালে মৃত্যুবরণ করছেন। ডায়ালাইসিস মেডিসিন ও কিটের দাম বৃদ্ধির বিষয়টি এই সমস্যা আরও ঘনীভূত করছে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “এই পরিস্থিতিতে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা জরুরি। কিডনি রোগ ও প্রতিরোধ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।”
সভায় চট্টগ্রামে ১০০ শয্যার “কেপিডব্লিও এম. এ মালেক ডায়ালাইসিস সেন্টার” প্রতিষ্ঠার ঘোষণা দেন তিনি এবং ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ কিডনি বিশেষায়িত হাসপাতাল গড়ার পরিকল্পনার কথাও জানান।
সভায় আরও বক্তব্য রাখেন কিডনি রোগী কল্যাণ সংস্থার আজীবন সদস্য ও কিডনি ট্রান্সপ্লান্ট সোসাইটির সাব-কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জিয়া হাবীব আহাসান, সংস্থার সহ-সভাপতি কাজী আশরাফুল হক জীবন, সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, প্রচার সম্পাদক ওবায়দুল হক মনি, অর্থ সম্পাদক সাংবাদিক মোঃ হোসেন (সঞ্চালক), কার্যনির্বাহী সদস্য মোঃ আলমগীর, আহসান হাবীব বাবু, মোঃ আরিফ, দীপংকর বোস এবং অফিস কর্মকর্তা মোঃ আবদুল আলী প্রমুখ।