
বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সদস্য সচিব, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্রনেতা ও ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক চসিক কমিশনার রফিকুল ইসলাম খোকন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রজিউন)।
তিনি ২৮ জুলাই (সোমবার) সকালে চট্টগ্রামের পশ্চিম খুলশী, জালালাবাদস্থ নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, রাজনৈতিক সহযোদ্ধাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রফিকুল ইসলাম খোকনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং কেন্দ্রীয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
এক শোকবার্তায় তারা বলেন, “রফিকুল ইসলাম খোকন আশি ও নব্বইয়ের দশকে জাতীয়তাবাদী আদর্শে বলীয়ান ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দিয়ে চট্টগ্রামে রাজনৈতিক শক্তির ভিত্তি সুদৃঢ় করতে অসামান্য ভূমিকা রেখেছেন। মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড, কলেজ ও পলিটেকনিক এলাকায় ছাত্রদল সংগঠিত করতে তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন।”
তারা আরও বলেন, “একজন সাবেক কমিশনার ও সমাজসেবক হিসেবে রফিকুল ইসলাম খোকন নিরবে অসহায় ও নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন দল-মতের ঊর্ধ্বে একজন নিবেদিত প্রাণ মানুষ, প্রকৃত অর্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন সূর্যসন্তান।”
নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।