আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইনে ৬ মামলায় ৪৭ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে মালঘর বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
উপজেলা প্রশাসন সূত্র জানা যায়,অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দুইটি বেকারিসহ ছয়টি মামলায় মোট ৪৭ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় বাজারের বিভিন্ন দোকানি ও অটোরিকশা চালকদের বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়।
আনোয়ারার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও সড়কে পরিবহন শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।