
আজ শুক্রবার (১ আগস্ট) বিকাল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজারগামী ৮২৩ নম্বর প্রবাল এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা ছিল। পূর্বে ঘোষণা দেওয়া হয়েছিল যে, এটি বিলম্বে বিকাল ৩:১০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৫টায় ছাড়বে। কিন্তু শেষ পর্যন্ত ট্রেনটি সম্পূর্ণ বাতিল করে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের পাঠানো এসএমএস বার্তায় বলা হয়,
“সম্মানিত যাত্রী, অনিবার্য কারণে ৮২৩ নম্বর প্রবাল এক্সপ্রেস ট্রেন এবং ৮২৪ নম্বর সেকত এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে এবং কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা বাতিল করা হলো। অনাকাঙ্ক্ষিত এই যাত্রা বাতিলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত – বাংলাদেশ রেলওয়ে।”
তবে যাত্রা বাতিলের এই ঘোষণার পর, স্টেশনে অপেক্ষমাণ শত শত যাত্রী ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, ট্রেন ছাড়বে বলে বারবার সময় বদলানো হলেও অবশেষে বাতিল করা হয়—কিন্তু টিকিটের টাকা ফেরতের ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
একজন যাত্রী বলেন, “বারবার সময় পরিবর্তন করে ঘন্টার পর ঘণ্টা বসিয়ে রেখে এখন বলে বাতিল। টাকা ফেরত চাইলে বলে পরে আসেন। এটা কি ধরনের সেবা?”
যাত্রীরা চট্টগ্রাম রেলস্টেশনে হইচই শুরু করেন এবং রেল কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ ঝাড়েন।
তারা দাবি করেন, যাত্রীদের সময়, অর্থ ও মানসিক কষ্টের কোনো মূল্য দিচ্ছে না রেলওয়ে। অবিলম্বে রিফান্ড এবং বিকল্প পরিবহন সুবিধার দাবি জানান তারা।
এই ঘটনায় ট্রেনযাত্রীদের ভোগান্তির পাশাপাশি রেলওয়ের অব্যবস্থাপনা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে।