
চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন জেলের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১০ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৭ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে কর্ণফুলী নদীর খারীর মুখ এলাকায় ফিশিং বোট এফবি অনিকা একটি চলমান লাইটার ভ্যাসেলের সঙ্গে সংঘর্ষে ডুবে যায়। বোটটিতে মোট ১৯ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর ১১ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৮ জন নিখোঁজ ছিলেন।
নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ড স্টেশন সাঙ্গু, আউটপোস্ট নরম্যান্স পয়েন্ট এবং স্টেশন পতেঙ্গা উচ্চগতির উদ্ধারকারী বোট ও সমুদ্রে অবস্থানরত জাহাজের সমন্বয়ে টানা অনুসন্ধান চালায়। এতে ৯ আগস্ট বিকেল ৫টার দিকে ২ জনের মৃতদেহ এবং আজ (১০ আগস্ট) সকাল ৮টায় আরও ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা। তিনি আরও বলেন, নিখোঁজ বাকি জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।