শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবিতে চট্টগ্রামে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

বার্তা টুডে ডেস্ক
  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৬৪

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম অঞ্চল শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন হয়।

চট্টগ্রাম অঞ্চল শাখার সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হাসান মুকুল। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, সহ-সভাপতি কাজী আবু বকর চৌধুরী, মোহাম্মদ শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আবু তাহের, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক জানাতুল ফেরদৌস রক্সি প্রমুখ।

লিখিত বক্তব্যে জানানো হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭ জুলাই জারিকৃত পরিপত্রে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে। এটি বৈষম্যমূলক ও জাতীয় শিক্ষানীতির সমতার নীতির পরিপন্থী বলে দাবি করা হয়।

বক্তারা বলেন, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে। বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিশুদের আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি ও শিক্ষার অগ্রগতির অনুপ্রেরণা। কিন্তু বিদ্যালয়ের স্বীকৃতির ধরণ ভিন্ন হওয়ার কারণে তাদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে বাধা দেয়া হলে শিক্ষার্থীদের মনে বৈষম্যমূলক মনোভাব সৃষ্টি হবে।

সংবাদ সম্মেলনে ১৭ জুলাইয়ের পরিপত্রটি বাতিল করে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমঅধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। দাবিগুলো আগামী ২০ আগস্টের মধ্যে বাস্তবায়ন না হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও, বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাও, ‘মার্চ ফর ঢাকা’সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর