
চট্টগ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিএমপি পোর্ট জোনের উপ-কমিশনার আমিরুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ।
বুধবার (১৩ আগস্ট) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নগরীর পোর্ট জোন কার্যালয়ে গিয়ে এ মতবিনিময় করেন।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন— চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী; বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান; সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী শফিউল আলম; চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন।
মতবিনিময়কালে জামায়াত নেতৃবৃন্দ সামাজিক সম্প্রীতি বজায় রাখা, উসকানিমূলক কর্মকাণ্ড এড়িয়ে চলা এবং গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখার আহ্বান জানান। তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন চট্টগ্রাম বন্দর এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। সম্প্রতি বন্দর থানা এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে এক পুলিশ কর্মকর্তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।
নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে যেকোনো সহযোগিতার আশ্বাস দেন এবং নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।