
চট্টগ্রাম নগরীতে শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আগামী শনিবার (১৬ আগস্ট) কিছু সড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সিএমপি জানায়, আন্দরকিল্লাস্থ জেএম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অংশ হিসেবে র্যালি ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হবে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত র্যালি চলাকালে এবং সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে।
ডাইভারশন ও নিয়ন্ত্রিত এলাকা
কে বি আবদুস সাত্তার রোডের মুখ থেকে গুডস হিল, চেরাগী পাহাড়, বৌদ্ধ মন্দির, সিনেমা প্যালেস ও দারুল উলুম রোডের সংযোগস্থলে রোড ব্লক স্থাপন করে ডাইভারশন দেওয়া হবে। এসব সড়কে সকল প্রকার যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে।
র্যালির রুট
জেএম সেন হল থেকে শুরু হয়ে র্যালি যাবে আন্দরকিল্লা মোড়, বক্সিরহাট মোড়, লালদীঘির পাড়, সোনালী ব্যাংক মোড়, কোতোয়ালী থানা মোড়, নিউ মার্কেট, আমতল, রাইফেল ক্লাব, বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা), ডিসিহিল, বৌদ্ধ মন্দির, চেরাগী পাহাড় হয়ে আবার জেএম সেন হলে এসে শেষ হবে।
ধর্মীয় র্যালি চলাকালে উল্লিখিত সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
সিএমপির অনুরোধ
জন্মাষ্টমী র্যালির সুষ্ঠু চলাচল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান উদযাপনের স্বার্থে সকল যানবাহনের চালক, যাত্রী ও সংশ্লিষ্টদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সিএমপি। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।