
চট্টগ্রাম নগরবাসীর জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। জনবল বৃদ্ধি, স্থাপনা সংস্কার, নতুন যন্ত্রপাতি সংগ্রহ ও প্রশিক্ষণের মাধ্যমে এই পরিবর্তন আনার পরিকল্পনা ঘোষণা করেন তিনি।
১৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় মেয়র এই ঘোষণা দেন। সভায় চিকিৎসকরা হাসপাতাল ও মাতৃসদনগুলোর নানা সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল—লিফটের অভাব, বিশেষ করে গর্ভবতী রোগীদের জন্য চরম দুর্ভোগ; কনসালটেন্ট ও কর্মী সংকট; লজিস্টিক ও যন্ত্রপাতির ঘাটতি; এম্বুলেন্সের স্বল্পতা এবং পুরাতন ভবনের সংস্কারের প্রয়োজনীয়তা।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম, পর্যাপ্ত জনবল ও উন্নত অবকাঠামো নিশ্চিত করা হবে। যেখানে কনসালটেন্ট ও ডাক্তার সংকট রয়েছে, সেখানে নতুন নিয়োগ দেওয়া হবে। পুরাতন ভবনগুলো সংস্কার এবং লিফট, এম্বুলেন্সসহ প্রয়োজনীয় সুবিধা যুক্ত করা হবে।”
তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর মেমন মাতৃসদন হাসপাতাল পরিদর্শনকালে যন্ত্রপাতির ঘাটতি লক্ষ্য করেন। পরবর্তীতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল বৃদ্ধির মাধ্যমে ধীরে ধীরে হাসপাতালের সুনাম ফিরতে শুরু করেছে। একইভাবে অন্যান্য হাসপাতাল ও মাতৃসদনকেও আধুনিকায়ন করা হবে।
মেয়র বলেন, “চসিকের স্বাস্থ্য বিভাগ প্রতিবছর বিপুল পরিমাণ ভর্তুকি নেয়। কিন্তু সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় এটি আয়বর্ধক বিভাগে পরিণত হতে পারে। আমি রেড ক্রিসেন্ট হাসপাতালের নেতৃত্বে থেকেও ভঙ্গুর প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছিলাম। আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চসিকের স্বাস্থ্য বিভাগকে আধুনিক ও জনবান্ধব করব।”
সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, ডা. তপন কুমার চক্রবর্তী, হোসনে আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।