
আজ ১৫ আগস্ট, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। এ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
কেন্দ্রীয়ভাবে আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। গত বুধবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া বেগম খালেদা জিয়া চার বোন ও দুই ভাইয়ের মধ্যে চতুর্থ। তাঁর বাবা এস্কান্দর মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। পৈত্রিক নিবাস ফেনীর ফুলগাজী হলেও শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে।
১৯৮১ সালের ৩০ মে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর রাজনীতিতে আসেন তিনি। প্রথমে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে চেয়ারপার্সন নির্বাচিত হন। ১৯৯১-১৯৯৬, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির স্বল্পকালীন মেয়াদ এবং ২০০১-২০০৬ পর্যন্ত তিন দফা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বিএনপি দীর্ঘদিন ১৫ আগস্টে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালন করলেও ২০১৬ সাল থেকে এ কর্মসূচি বন্ধ করে দলীয়ভাবে কেবল মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছে।
গত কয়েক বছর ধরে অসুস্থ খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজায় চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তিনি জনসমক্ষে খুব কমই আসেন। তবে চিকিৎসার জন্য লন্ডনে চার মাস কাটিয়ে গত ৬ মে দেশে ফেরেন। এরপর দীর্ঘ এক যুগের বেশি সময় পর গত ১০ মে ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় দুই পুত্রবধূকে নিয়ে যান তিনি।
সবশেষ আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২১ নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গিয়েছিল বেগম খালেদা জিয়াকে।