বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিরসরাইয়ে ৮০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বড়তাকিয়া ইকোনোমিক জোন সড়কের পাশে মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, “গাছ হলো পরিবেশের পরম বন্ধু। আমরা চাই সবাই পরিবেশ সংরক্ষণ ও সুস্থ সমাজ গঠনে একসাথে এগিয়ে আসুক। এই কর্মসূচির মাধ্যমে নিরাপদ মিরসরাই গড়তে এক লক্ষ দেশীয় প্রজাতির বৃক্ষরোপণের সূচনা করলাম। এতে যেমন কার্বন ডাই অক্সাইড কমে পরিবেশ সমৃদ্ধ হবে, তেমনি আগামী প্রজন্মের জন্য সবুজ ও সুস্থ পরিবেশ নিশ্চিত হবে।”
বৃক্ষরোপণ শেষে দক্ষিণ সৈদালী জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার এবং একটি সুস্থ জীবনধারার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শাহিদুল ইসলাম চৌধুরী ভবিষ্যতেও পরিবেশবান্ধব ও সমাজকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।