
চট্টগ্রামের বাঁশখালীতে এক অনন্য উদ্যোগের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ইমাম-মোয়াজ্জিম সংবর্ধনা অনুষ্ঠান। স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম “মানবতার কল্যাণে আমরা”-এর ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
শনিবার (১৬ আগস্ট) বাঁশখালী ঈদগাহ জামে মসজিদ সংলগ্ন মারকাজুল হুফফাজ মাদরাসার হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসিফুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ আনিছুর রহমান এবং সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি দিদারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. আরিফুল হক, সংগঠনের উপদেষ্টা মো. নাছির উদ্দীন, ইউরোপ প্রবাসী সহ-সভাপতি নাজিম উদ্দীন, সরল মালেকা বানু জামে মসজিদের খতিব মুফতি নুরুল আমিন, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম-আহ্বায়ক শিব্বির আহমদ রানা এবং মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা হেলাল উদ্দিন।
বক্তারা বলেন, “ইমাম-মোয়াজ্জিমগণ সমাজে ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় অনুশাসন রক্ষায় নিরলস কাজ করছেন। অথচ অল্প সম্মানীর কারণে তারা জীবনের কষ্টকর বাস্তবতার মুখোমুখি হচ্ছেন। তাদের মর্যাদা নিশ্চিত করা না হলে সমাজে নৈতিক অবক্ষয় বাড়বে।”
এসময় বক্তারা সরকারি ও বেসরকারি পর্যায়ে ইমাম-মোয়াজ্জিমদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অর্ধশতাধিক ইমাম-মোয়াজ্জিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।
শেষে বক্তারা সংগঠনের এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং ইমাম-মোয়াজ্জিমদের কল্যাণে সমাজের বিত্তবান ও তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।