মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

কুতুবদিয়ায় পণ্যের আড়ালে মাদক পাচার: ৫০০ বস্তা আলু ও ফিশিং বোটসহ ১১ পাচারকারী আটক

কফিল উদ্দিন কক্সবাজার
  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩০০

মায়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় ৫০০ বস্তা আলু ও একটি ফিশিং বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুরে কুতুবদিয়া থানাধীন আলী আকবর ডেইল সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র বাংলাদেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য মায়ানমারে পাচার করে ইয়াবা ও মদসহ মাদক সংগ্রহের পরিকল্পনা করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়ার সদস্যরা সোমবার দুপুর ১২টায় অভিযান চালিয়ে পাচারকালে একটি বোট আটক করে। বোটটিতে প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা আলু মজুত ছিল। এ সময় পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোট ও ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা বাংলাদেশ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আরাকান আর্মির কাছে বিক্রি করে বিনিময়ে মাদক সংগ্রহ করত এবং পরে গোপনে বাংলাদেশে প্রবেশ করে তা কারবারিদের হাতে পৌঁছে দিত। এছাড়া তাদের মতো আরও কয়েকটি চক্র এ ধরনের অবৈধ কার্যকলাপে জড়িত রয়েছে বলে জানা গেছে।

জব্দকৃত আলু, ফিশিং বোট ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক আরও বলেন, “মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর