শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে আলোচনায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক / বার্তা টুডে
  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৫২

পাকিস্তানের মাননীয় বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) তিনি বন্দর কর্তৃপক্ষে আগমন করেন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান-এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বন্দরের সার্বিক কার্যক্রম, কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং, শ্রম ব্যবস্থাপনা, বিদেশী বিনিয়োগ, অটোমেশনসহ নানা উন্নয়ন সূচক সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তাঁকে এসব বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করা হয়। তিনি চট্টগ্রাম বন্দরের উন্নতি ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

আলোচনায় তিনি উল্লেখ করেন, করাচি পোর্ট ট্রাস্টে হাচিসন পোর্ট গ্রুপ কন্টেইনার টার্মিনাল পরিচালনা করছে, আবুধাবি পোর্ট (এডি পোর্ট) বাল্ক টার্মিনাল এবং পোর্ট কাশিমে ডিপি ওয়ার্ল্ড দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে একটি টার্মিনাল পরিচালনা করছে। একইসঙ্গে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও সরাসরি জাহাজ চলাচলের সম্ভাবনা নিয়ে সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের মাননীয় বাণিজ্য উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দীন দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বন্দর চেয়ারম্যান সাম্প্রতিক সময়ে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং, জাহাজের ওয়েটিং টাইম শূন্য থেকে দুই দিনে নামিয়ে আনা, টার্ন-অ্যারাউন্ড টাইম কমানো এবং ডিজিটালাইজেশন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

পরে পাকিস্তানের প্রতিনিধি দল বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পাকিস্তান দূতাবাসের বাণিজ্য ও বিনিয়োগ দূত জেইন আজিজ, বাণিজ্যিক সহযোগী ওয়াকাস ইয়াসিন উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে অন্তবর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. নাজনিন কাউসার চৌধুরী, বে টার্মিনালের প্রকল্প পরিচালক কমডোর মোঃ মাহফুজুর রহমানসহ বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর