চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) রাতে কেরানীহাটের একটি কনফারেন্স সেন্টারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, “বিগত আঠারো বছর দেশের শান্তিকামী জনগণ অমানবিক কষ্ট পেয়েছে। আওয়ামী অপশক্তি এদেশের তৌহিদী জনতার উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে। আল্লাহ সেই জুলুম থেকে মুক্তি দিয়েছেন। আমরা সুযোগ পেয়ে বিগত এক বছর শান্তিপূর্ণভাবে দেশ ও জাতির উন্নয়ন ও কল্যাণে কাজ করেছি। কোনো প্রতিহিংসামূলক আচরণ করিনি। শান্তি ও অগ্রগতির এই ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে দেশপ্রেমিক ইসলামী শক্তিকে বিজয়ী করতে হবে।”
তিনি আরও আহ্বান জানান, নির্বাচন সামনে রেখে ঘরে ঘরে ক্যাম্পেইন চালাতে সকল জনশক্তিকে সক্রিয় হতে হবে।
সভায় ঢেমশা ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারী মুহাম্মদ জাবেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবুল ফয়েজ, উপজেলা সেক্রেটারী তারেক হোসাইন, শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ কাদেরী, উপাধ্যক্ষ শাহাদাত হোসাইন, ব্যাংকার আবু জাফর, ডা. মাহবুবুর রহমান, ব্যবসায়ী তৈয়বুল হক সিকদার, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দীন ও প্রবাসী মোজাফ্ফর হোসাইন প্রমুখ।