শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মমুখী শিক্ষা–খাদ্য নিরাপত্তার অঙ্গীকার

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৩৪

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সবার জন্য কর্মমুখী শিক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর ৮নং দক্ষিণ শুলকবহর আল-মাদানী রোডে অবস্থিত দি চাইল্ড গার্ডেন টিউটোরিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেলায়েত হোসেন বুলু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণকেই ক্ষমতার উৎস হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। খালেদা জিয়া ‘বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন’ প্রণয়নসহ মেয়েদের জন্য বিনামূল্যে পড়াশোনার সুযোগ এবং শিক্ষা উপবৃত্তি ও ‘শিক্ষার জন্য খাদ্য’ কর্মসূচি চালু করেছিলেন। এসব উদ্যোগ শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণার আলোকে আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিটি নাগরিকের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কর্মমুখী শিক্ষা প্রণয়ন, প্রতিটি পরিবারকে খাদ্য নিরাপত্তার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান এবং যুবকদের চাকরি না হওয়া পর্যন্ত বেকার ভাতা চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং শুলকবহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজী চিশতী চৌধুরী। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ বেলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

ইঞ্জিনিয়ার নাহিদ বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে। গত ১৫ বছর এদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। আগামিতে যে নির্বাচন হবে, সেখানে বিএনপি অংশ নেবে এবং মানুষের অধিকার ফিরিয়ে আনবে।”

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল, সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন জিসান, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, সদস্য সচিব নুরুল কবির পলাশসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর