
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ষোলশহর ২ নম্বর গেইটস্থ বিপ্লব উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বিপ্লব বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
১ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে পুষ্পস্তবক অর্পণকালে তিনি বলেন, “১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। উনিশ দফা কর্মসূচি নিয়ে এগিয়ে চলা বিএনপি পরের বছরই জয়ী হয় সংসদ নির্বাচনে। প্রতিষ্ঠার পর থেকে চারবার রাষ্ট্র পরিচালনা করেছে বিএনপি। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আবারও রাষ্ট্রক্ষমতায় যাবে বিএনপি। বিএনপির নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ।”
তিনি আরও বলেন, “শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন, উন্নয়ন ও গণতন্ত্রকে অগ্রাধিকার দিয়েছিলেন। তাঁর হত্যার পর বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেন এবং তাঁর নেতৃত্বেই তিনবার সরকার গঠন করে বিএনপি। ২০০৭ সালের জরুরি অবস্থার পর কঠিন রাজনৈতিক সংকট ও দমন-নিপীড়নের মুখেও বিএনপি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেনি।”
ডা. শাহাদাত বলেন, জনগণের কাছে প্রদত্ত অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে পরবর্তীতে রাষ্ট্র পরিচালনা ও সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন—সবক্ষেত্রেই বিএনপি গণতন্ত্রকে অগ্রাধিকার দিয়েছে। “ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর বিএনপি আরও উজ্জীবিত হয়েছে। এখন পুরো দেশ অপেক্ষায় আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা হাজী মো. আলী, ইয়াসিন চৌধুরী আসু, ডা. এস এম সারোয়ার আলম, হাজী নুরুল আকতার, আলহাজ্ব জাকির হোসেন, সালাউদ্দীন কায়সার লাভু, মোহাম্মদ ইদ্রিস আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।