রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

“সব উদ্যোগ সফল করতে সেনাবাহিনী বদ্ধপরিকর” — রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টাকে সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক / বার্তা টুডে
  • সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) তিনি প্রথমে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এবং পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাৎকালে বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, “ভোটার উপস্থিতি, নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ, সুরক্ষা ও নিরাপত্তার প্রতি বিশ্বের আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসন উদযাপনের পরিবেশের প্রেক্ষাপটে আমি জাতির কাছে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছি।”

প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনের আগে সেনা, পুলিশ ও প্রশাসনের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি একটি সুস্পষ্ট কমান্ড কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সেনাপ্রধানের আশ্বাস

জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি চারদিকে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

সেনাপ্রধান বলেন, সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। দেশের আইনশৃঙ্খলা উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী সর্বাত্মক ভূমিকা রাখবে।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকেও সেনাপ্রধান দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। আইএসপিআর জানিয়েছে, এ সময় তিনি সম্প্রতি চীন সফরকালীন অনুষ্ঠিত বিভিন্ন বৈঠক ও অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ দিকগুলো রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এছাড়া, সেনাবাহিনীর অভ্যন্তরীণ উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে বিস্তারিত তুলে ধরেন সেনাপ্রধান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর