
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ দোহাজারী সোনা বটতল এলাকায় যাত্রীবাহী বাস ও দুইটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী ঈগল পরিবহনের একটি বাস (চট্ট-মেট্টো-ব-১১-০১২৩) দোহাজারীমুখী নাম্বারবিহীন দুইটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশাগুলো দুমড়ে-মুচড়ে যায়। এতে একাধিক যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কর্ণেল (অব.) অলি আহমদের ভাগ্নি ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামীম আকতার (৪২) এবং অপসোনিন ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মো. শরীফ (৩০)-কে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন অটোরিকশা চালক বাগিচাহাটের পলাশ দাশ (২৪), চালক মাহবুব আলম (৪৫), যাত্রী মো. হামিম (২০), মো. সজিব (২৫), আবদুর রহিম (৪৫), মো. মারুফ (২৪), জুকুম বাহার, জাকের হোসেনসহ অন্তত ১০ জন। তাদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে তিনটি গাড়ি জব্দ করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। তবে দুর্ঘটনার পর ঈগল বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।