মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

পূজা মণ্ডপে নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আশ্বাস

বার্তা টুডে ডেস্ক
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দেশের পূজা মণ্ডপগুলোর প্রস্তুতি, নিরাপত্তা ও সার্বিক আয়োজন নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ১৬ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। তারা জানান, গত বছরের তুলনায় এ বছর এক হাজারের বেশি পূজা মণ্ডপ বৃদ্ধি পেয়েছে এবং সারাদেশে মণ্ডপ প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে চলছে।

প্রধান উপদেষ্টা নেতৃবৃন্দের বক্তব্য শোনার পর বলেন, “আপনাদের সঙ্গে সবসময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। পূজা উপলক্ষে বছরে একবার হলেও সামনাসামনি দেখা হওয়া ও কথা বলার সুযোগ হয়।”

হিন্দু ধর্মীয় নেতারা জানান, এবারের পূজায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল দপ্তর থেকে সহযোগিতা করা হচ্ছে। বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগ ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের নিয়মিত যোগাযোগ ও পরিদর্শনের কথা তারা উল্লেখ করেন।

ঢাকা মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থায়ী দুর্গামন্দিরের জন্য জায়গা বরাদ্দ দেওয়া একটি ঐতিহাসিক ঘটনা। তিনি প্রধান উপদেষ্টাকে এজন্য বিশেষ ধন্যবাদ জানান।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, “গত বছর আপনি ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে বলেছিলেন— নিরাপত্তা বাহিনী দিয়ে পাহারা বসিয়ে পূজা হোক, আমরা এমন দেশ চাই না। সরকারপ্রধানের মুখে এমন বক্তব্য এই প্রথম শুনেছি। এটি আমাদের অনুপ্রাণিত করেছে।”

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপিত হয়েছে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বৈঠকে জানান, ধর্ম মন্ত্রণালয় সব ধর্মের কল্যাণে কাজ করছে। বিভিন্ন অস্বচ্ছল মন্দির, গির্জা, প্যাগোডা এবং অনাথ আশ্রমে সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা বৈঠকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সজাগ থাকার আহ্বান জানান।

আজকের বৈঠকে উপস্থিত ছিলেন— প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, সচিব দেবেন্দ্র নাথ উঁরাও, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাআনন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাসসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর