
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের রোগমুক্তি কামনায় চট্টগ্রামের চন্দনাইশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বাদে আছর চন্দনাইশ সদরস্থ হযরত আমিনুল্লাহ শাহ্ (রহ.) মাজার প্রাঙ্গণে পৌর এলডিপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর এলডিপির সভাপতি এম. আইনুল কবির। দোয়া মাহফিলে এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নেন হাজী আবদুল মাবুদ, আকতার উদ্দীন, সাবেক কাউন্সিলর সামশুল আলম, জমির হোসেন, আবদুল হামিদ, আলহাজ্ব আবদুল মাবুদ চৌধুরী, আবদুল আজিজ, হারুন সওদাগর, মো. জাফর, মো. মহিউদ্দীন, মহসিন চৌধুরী, শাহাদাত হোসেন মুন্না, মাস্টার মাহফুজুর রহমান, সেলিম উদ্দীন, যুবদল নেতা মো. মোজাম্মেল হক, নজরুল ইসলাম, মো. মাসুদুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা মো. আরমান, মো. মানিক, মো. তুষার, মো. মারুফ, এনামুল হক মানিক, ছাত্রদল নেতা রবিউল করিম রবি প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তারা কর্ণেল (অব.) অলি আহমদকে দেশের একনিষ্ঠ দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের বীর সেনানী হিসেবে উল্লেখ করে তার দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন, রাজনৈতিক অঙ্গনে কর্ণেল অলি দীর্ঘদিন ধরে সাহসী নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি সুস্থ হয়ে দ্রুত রাজনীতির মাঠে ফিরে আসবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন নেতারা।
কর্ণেল অলির রোগমুক্তি কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ছাদেক হোসেন এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাহাঙ্গীর আলম।
দোয়া মাহফিলে কর্ণেল অলির দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।