রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

পটিয়ায় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে একমত প্রশাসন ও পূজা কমিটি

রনি কান্তি দেব
  • শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে চট্টগ্রামের পটিয়ায় থানা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন পরিষদ ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানা মাঠে আয়োজিত সভায় পূজা কমিটির নেতারা বিভিন্ন অভিমত ও প্রস্তাব তুলে ধরেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামানের কাছে।

সভায় সবার মতামত শোনার পর ওসি নুরুজ্জামান বলেন,
“আপনাদের সব প্রস্তাব আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। পটিয়া থানা পুলিশ দুর্গাপূজার জন্য পূর্ণ প্রস্তুত। প্রতিটি মণ্ডপে পুলিশ মোতায়েন থাকবে, প্যাট্রোলিং বাড়ানো হবে এবং ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ টিম কাজ করবে। নারী ও শিশুদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আপনারা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সহযোগিতা করলে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হবে। কোনো সমস্যায় সরাসরি ৯৯৯-এ যোগাযোগ করতে পারবেন।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাচঁরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ, পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, এসআই প্রদীপ চন্দ্র দে, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পুলক চৌধুরী, তাপস কুমার দে, রাজীব সেন, মান্না কুমার দেব, জুয়েল দে প্রমুখ।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা পুলিশের সক্রিয়তা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং জানান, তারা স্থানীয়ভাবে সচেতনতা ক্যাম্পেইন চালাবেন। সভায় শতাধিক নেতৃবৃন্দ অংশ নেন। সবাই একমত হন যে, প্রশাসন ও কমিউনিটির সমন্বিত প্রচেষ্টায় এ বছরও পটিয়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর