
চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে একটি আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে। একইসঙ্গে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ৯টি ট্রলিং জাল উদ্ধার এবং এক জেলেকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার ভোর ৪টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে বাঁশখালী থানার সরকার বাজার ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জালসহ এক জেলেকে আটক করা হয়।
অভিযানে উদ্ধারকৃত ৯টি ট্রলিং জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লক্ষ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসব জাল বাঁশখালী উপজেলা মৎস্য অফিসে হস্তান্তর করা হয়েছে। আটককৃত জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানায় সোপর্দ করা হয়।
অন্যদিকে, জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোটের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।
কোস্ট গার্ডের এক কর্মকর্তা বলেন, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় জেলেদের সতর্ক করে তিনি বলেন, অবৈধ পদ্ধতিতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।