বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

গণমাধ্যম, রাজনৈতিক দল ও জনগণই নির্ধারণ করবে নির্বাচনের সাফল্য : সিইসি

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৫

জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, “জাতীয় নির্বাচন জাতীয়ভাবেই করতে হবে। ইসির একার পক্ষে সবকিছু সামাল দেওয়া সম্ভব নয়।”

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য গণমাধ্যম, জনগণ ও রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা অপরিহার্য। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই একটি ভালো নির্বাচন হওয়া ছাড়া কোনো উপায় নেই।”

তিনি জানান, ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর থেকেই ইসি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ভোটার তালিকা হালনাগাদের সময় ২১ লাখ মৃত ভোটার বাদ দিয়ে নতুন করে প্রায় ৪৫ লাখ ভোটার যুক্ত করা হয়েছে। নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে, যার ফলস্বরূপ বিপুলসংখ্যক নারী নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন পোস্টাল ব্যালট ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে জানিয়ে সিইসি বলেন, “এটি একটি শংকর পদ্ধতি, যা ডিজিটাল ও পোস্টাল ব্যালটের সমন্বয়ে তৈরি। প্রবাসীরা অনলাইনে রেজিস্ট্রেশন করে এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন।”

গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে সিইসি বলেন, “যতই চেষ্টা করি না কেন, মিডিয়া, জনগণ ও রাজনৈতিক দলগুলো নির্বাচনের অন্যতম চালিকাশক্তি। গণমাধ্যম জনমত গঠন ও সবার জন্য সমান সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখতে চান উল্লেখ করে বলেন, “ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন, যাতে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেন।”

সংলাপে ইসির ভারপ্রাপ্ত সচিব কে এম আলী নেওয়াজের সঞ্চালনায় চার নির্বাচন কমিশনারসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর