
রাউজান প্রেস ক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক এবং চুয়েটের ডেপুটি ডিরেক্টর ফজলুর রহমানের শ্বশুর সরওয়ার উদ্দিন আহমেদ (৭৮) আর নেই। শনিবার (১১ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
আগামীকাল রবিবার সকাল ১১টায় রাউজানের সিকদার ঘাটা ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
সরওয়ার উদ্দিন আহমেদ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি রাউজান প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
রাউজান উপজেলার পৌর এলাকার সুলতানপুর গ্রামের আলেপ খান সওদাগর বাড়িতে জন্ম নেওয়া এই সাংবাদিক পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ ৫৫ বছরের কর্মজীবনে তিনি ১৭ বছর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে দ্য ডেইলি করোনিকেল, দ্য ইউনিটি, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, ডেইলি নিউজ টুডে, দ্য ডেইলি লাইফ, এবং দ্য নিউ নেশন পত্রিকার ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ডেইলি পিপলস ভিউ, দ্য ইকোনমিক্স টাইমস ও দ্য ডেইলি কমার্শিয়াল টাইমস-এর নিউজ এডিটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, রাউজান পৌরসভার প্রশাসক অংচিং মারমা, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মিয়াজি, সহ-সভাপতি মিলন বড়ুয়া, সহ-সভাপতি মাওলানা দিদারুল আলম, সিনিয়র সদস্য কাজী সরোয়ার খান মনজু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক কে.এম. বাহাউদ্দীন, দপ্তর সম্পাদক এ.কে. বাবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, তথ্য ও গবেষণা সম্পাদক জুয়েল বড়ুয়া, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুপন বিশ্বাস, সদস্য এ.এম. মামুনুর রশিদ এবং রাউজান ব্লাড ডোনার্স সংগঠনসহ অসংখ্য সাংবাদিক ও শুভানুধ্যায়ী।
তাঁর মৃত্যুতে রাউজানের সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।