
চট্টগ্রাম প্রেস ক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সিনিয়র সদস্য, রাউজান প্রেস ক্লাবের সভাপতি এবং প্রবীণ সাংবাদিক জনাব সরওয়ার উদ্দিন আহমেদ (৭৮) আর নেই। শনিবার (১১ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় রাউজান উপজেলার সিকদার ঘাটা ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
সরওয়ার উদ্দিন আহমেদ চট্টগ্রাম জেলার রাউজান পৌরসভার সুলতানপুর গ্রামের আলেপ খান সওদাগর বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।
দীর্ঘ ৫৫ বছরের কর্মজীবনে তিনি ১৭ বছর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, ডেইলি নিউজ টুডে, দ্য ডেইলি লাইফ, এবং দ্য নিউ নেশন পত্রিকায় ব্যুরো চিফ/নিজস্ব সংবাদদাতা হিসেবে কাজ করেন। এছাড়া তিনি ডেইলি পিপলস্ ভিউ, দ্য ইকোনোমিক্স টাইমস, ও দ্য ডেইলি কমার্শিয়াল টাইমস পত্রিকার নিউজ এডিটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জনাব সরওয়ার উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য মুস্তফা নঈম ও গোলাম মওলা মুরাদ; চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ এবং সাধারণ সম্পাদক সালেহ নোমান। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তার মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।