
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনে বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের সভাপতি, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক ও রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরীর প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে চেম্বার নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো বাধা নেই।
মঙ্গলবার (১৪ অক্টোবর) শুনানি শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি সৈয়দ হাসান জোবায়েরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রায় দেন। আদালত আমজাদ হোসেন চৌধুরী ও জাহেদ হোসেন চৌধুরীর প্রার্থীতা বৈধ ঘোষণা করে তাদের নামে ব্যালট নম্বর প্রদানের নির্দেশ দেন।
আমজাদ হোসেন চৌধুরীর পক্ষে শুনানি করেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্টের সাবেক সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রিট দায়ের করেন অ্যাডভোকেট কেএম সাইফুল ইসলাম।
চেম্বার নির্বাচনে অর্ডিনারি মেম্বার ক্যাটাগরিতে আমজাদ হোসেন চৌধুরী এবং অ্যাসোসিয়েট মেম্বার ক্যাটাগরিতে জাহেদ হোসেন চৌধুরী পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু গত ২৪ সেপ্টেম্বর নির্বাচন পরিচালনা বোর্ড পুলিশ ক্লিয়ারেন্স ও বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট সনদ না দেওয়ার অজুহাতে তাদের প্রার্থীতা বাতিল করে।
পরে আপিল করেও সমাধান না পেয়ে তাঁরা পৃথকভাবে হাইকোর্টে রিট দায়ের করেন। আদালত আজ শুনানি শেষে তাঁদের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন।
রিট দায়েরকারী আইনজীবী কেএম সাইফুল ইসলাম বলেন, “চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ড ও আপিল বোর্ড যথাযথভাবে বিচার বিশ্লেষণ করেনি। আদালতের এ রায়ে আমরা ন্যায় বিচার পেয়েছি।”
রায়ের পর প্রতিক্রিয়ায় আমজাদ হোসেন চৌধুরী বলেন, “মহান আল্লাহর রহমতে আমার প্রার্থীতা বহাল হয়েছে। এখন ভোটারদের সহযোগিতা ও দেশবাসীর দোয়া কামনা করছি যেন নির্বাচনে সফল হতে পারি।”