
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন)’ সম্মেলনে ২৭ থেকে ৩০ অক্টোবর অংশ নেওয়ার কথা ছিল তার।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আসন্ন জাতীয় নির্বাচন আয়োজনসংক্রান্ত প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণেই এই সফর বাতিল করা হয়েছে।
প্রধান উপদেষ্টার পরিবর্তে এবার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী। সরকারের একটি সূত্র জানিয়েছে, ড. লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবে।
প্রসঙ্গত, গত জুলাই মাসে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। এরপর সফরকে ঘিরে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক বৈঠক এবং প্রাথমিক সময়সূচিও চূড়ান্ত করা হয়। তবে রাজনৈতিক অগ্রাধিকারের কারণে সফরটি আপাতত স্থগিত করা হয়েছে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জ্বালানি উপদেষ্টা সহ দুজন উপদেষ্টার প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যাওয়ার কথা ছিল। তবে তারা শেষ পর্যন্ত প্রতিনিধিদলের সঙ্গে যুক্ত হচ্ছেন কি-না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই)’ সৌদি আরবের অন্যতম বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম, যেখানে প্রতিবছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রনেতা ও নীতিনির্ধারকরা অংশ নেন।