
সব নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে আসন্ন জাতীয় নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না — বৃহত্তর সুন্নী জোটের জরুরি সভায় এমন মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই একটি উৎসবমুখর, প্রতিযোগিতামূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলেও সভায় মত প্রকাশ করা হয়।
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে অনুষ্ঠিত এই জরুরি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম. এ. মতিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান পীরে তরিকত ড. সাইফুদ্দীন আলহাসানী আল-মাইজভাণ্ডারী।
সভায় আরও বক্তব্য দেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আল্লামা স. উ. ম. আবদুস সামাদ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির অতিরিক্ত মহাসচিব মুহাম্মদ আসলাম হোসাইন প্রমুখ।
সভায় আগামী ৩ নভেম্বর ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়। এ উপলক্ষে তিন দলের চেয়ারম্যান ও মহাসচিবদের সমন্বয়ে ৬ সদস্যের একটি নির্বাচনী বোর্ড গঠন করা হয়।
এছাড়া জোট সম্প্রসারণের লক্ষ্যে সাত সদস্যের একটি লিয়াজোঁ কমিটি এবং তথ্য ও প্রচার কার্যক্রম সমন্বয়ের জন্য ছয় সদস্যের একটি মিডিয়া কমিটি গঠন করা হয়।
লিয়াজোঁ কমিটি: স.উ.ম. আবদুস সামাদ, মুহাম্মদ আসলাম হোসাইন, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, মুহাম্মদ ইব্রাহীম মিয়া, গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক ও ঢালি কামরুজ্জামান হারুন
মিডিয়া কমিটি: অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, মুহাম্মদ ইব্রাহিম মিয়া, ঢালি কামরুজ্জামান হারুন, আব্দুল হাকিম, নুরুল্লাহ রায়হান খান ও এস. এম. তারেক হোসাইন
সভায় আরও কয়েকটি সাংগঠনিক ও কৌশলগত সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানানো হয়।