
চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কে এই সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার হাজারো নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত। যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিপলু এবং পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন।
বর্ণাঢ্য র্যালি পূর্বে এক সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম বলেন,
যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। এই সংগঠনের প্রতিটি কর্মী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অগ্রভাগে রয়েছে। যুবসমাজকে দমিয়ে রাখা যাবে না। আমরা তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনব।
এনাম আরও বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি সমৃদ্ধ, স্বাধীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ। আজ যখন আমরা যুবদলের ৪৭ বছরের পথচলা উদযাপন করছি, তখন মনে রাখবেন—এই সংগ্রাম শেষ হয়নি। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের অত্যাচার, দমন-পীড়নের মুখে আমাদের যুবশক্তি অটুট। আমরা ২৪ এর আন্দোলনের শহীদদের রক্তের অধিকার রক্ষা করব এবং জাতীয়তাবাদী আন্দোলনকে নতুন উচ্চতায় নিয়ে যাব। পটিয়ার এই মাটি থেকে শুরু করে সারা দেশে আমাদের সংগ্রাম ছড়িয়ে পড়বে। যুবকরা, তোমরাই এই দেশের ভবিষ্যৎ উঠে দাঁড়াও, লড়াই করো।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহাজাহান বলেন, যুবদল গণতন্ত্রের রক্ষাকবচ। আজকের তরুণদের দায়িত্ব দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। পটিয়ার যুবদল ঐক্যবদ্ধ আছে, এই ঐক্যই হবে আন্দোলনের শক্তি। রাজপথে থেকে আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, মঈনুল আলম ছোটন, হাজী কামাল উদ্দিন, মোজাম্মেল হক চৌধুরী, আবু সালেহ, সাইফুদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, হামিদুর রহমান পিয়ারু, সোহেল, সিরাজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল সিকদার সুমন, সেকান্দর হোসেন নয়ন, সাইফুর রহমান, আব্দুল করিম, কাজী মো. আরিফ, আরিফুল রহমান তারেক, শহীদুল আনোয়ার লিটন, ইমরানুল হক বাহাদুর, গাজী দুলাল, এরশাদ, জিয়াউর রহমান, পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবলু, যুবনেতা এস এম রেজা রিপন প্রমুখ।
সমাবেশ শেষে র্যালিটি চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক হয়ে পটিয়া বাস স্টেশনে গিয়ে শেষ হয়।
র্যালিতে হাজারো নেতাকর্মী পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।