
মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) সংসদীয় আসনে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে হাটহাজারীর বড় দীঘির পাড় এলাকায় এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও হাটহাজারী-বায়েজিদ আসনের ধানের শীষ প্রতীকধারী প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
সমাবেশে ব্যারিস্টার মীর হেলাল বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে এক অনন্য মাইলফলক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই দিন জাতিকে গভীর সংকট থেকে উত্তরণের পথ দেখিয়ে ছিলেন। এই দিনের চেতনা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষার মূলে প্রেরণা হিসেবে কাজ করে আসছে।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে হাটহাজারী-বায়েজিদের জনগণের উপর গণবিচ্ছিন্ন একটি জোট চাপিয়ে দেওয়া হয়েছিল। এখন সেই রাহুমুক্ত পরিবেশে জনগণ নতুন আশার পথে হাঁটছে। বিএনপি আগামীদিনে সরকার গঠন করলে এক বছরের মধ্যেই এই অঞ্চলে দৃশ্যমান উন্নয়ন হবে। একটি কাঁচা সড়কও থাকবে না; অক্সিজেন থেকে নাজিরহাট পর্যন্ত বাইপাস সড়কসহ প্রয়োজনীয় ওভারপাস নির্মাণ করে যানজটমুক্ত সড়কব্যবস্থা গড়ে তোলা হবে।”
তিনি প্রতিশ্রুতি দেন, নতুন নতুন কলকারখানা, ভোকেশনাল ও স্বাস্থ্য মহাবিদ্যালয় স্থাপন করে স্থানীয় তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। ব্যারিস্টার হেলাল উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা ধানের শীষে ভোট দিন, আমি আপনাদের একটি উন্নত ও সমৃদ্ধ হাটহাজারী উপহার দেব।”
সমাবেশে সভাপতিত্ব করেন বায়েজিদ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুর মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ জাকের হোসেন, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন এবং পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলম।
এছাড়া আরও বক্তব্য রাখেন—
জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, নেসার উদ্দিন বুলু, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, মহানগর বিএনপি নেতা ফয়েজ আহমদ, ইয়াকুব চৌধুরী, উপজেলা বিএনপি নেতা আইয়ুব খান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জাসাস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, জেলা ছাত্রদল সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা বেগম, নাসরিন আক্তার, পারভীন চৌধুরী, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল প্রমুখ।
উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, সদস্য সচিব নুরুল কবির, দক্ষিণ পাহাড়তলী ও জালালাবাদ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে একটি বিশাল র্যালি বড় দীঘির পাড় থেকে শুরু হয়ে আমানবাজার, বড় দীঘি মোড় হয়ে চৌধুরীহাট চত্বরে এসে শেষ হয়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে র্যালি পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই জনসমাবেশ ও র্যালি হাটহাজারী-বায়েজিদ অঞ্চলে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।