
চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ পিএনএস সাইফ (PNS SAIF)। শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজটির অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী সামরিক রীতি অনুযায়ী ব্যান্ড সংগীত পরিবেশন করে। স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
এর আগে বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি জাহাজটিকে অভ্যর্থনা জানায়।
বাংলাদেশে অবস্থানকালে পিএনএস সাইফ-এর অধিনায়ক এবং কর্মকর্তারা কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালীন সময়ে জাহাজের কর্মকর্তা, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসহ নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও স্থাপনা পরিদর্শন করবেন।
একইসঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারাও পাকিস্তান নৌবাহিনীর এই জাহাজটি ঘুরে দেখবেন বলে জানানো হয়েছে।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, পাকিস্তান নৌবাহিনীর এই শুভেচ্ছা সফর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে। নৌ-কূটনীতি ও পেশাগত সহযোগিতা বৃদ্ধিতেও এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চার দিনব্যাপী আনুষ্ঠানিক ও সাংস্কৃতিক কার্যক্রম শেষে পিএনএস সাইফ আগামী ১২ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ ত্যাগ করবে বলে জানিয়েছে নৌবাহিনী সদর দপ্তর।
এই শুভেচ্ছা সফর শুধু দুই দেশের সামরিক সহযোগিতাকেই নয়, বরং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে কূটনৈতিক মহল মনে করছে।