
চট্টগ্রামের রাউজান, বায়েজিদ বোস্তামী ও চালিতাতলী এলাকায় সাম্প্রতিক সময়ে সংঘটিত প্রকাশ্যে গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক তিনটি অভিযানে ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এসব ঘটনায় একাধিক ব্যক্তি নিহত ও গুলিবিদ্ধ হয়েছেন।
র্যাব সূত্র জানায়, গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর জনসংযোগ চলাকালে অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি চালিয়ে সরওয়ার হোসেন বাবলা নামে এক ব্যক্তিকে হত্যা করে। ওই ঘটনায় এরশাদ উল্লাহসহ আরও তিনজন গুলিবিদ্ধ হন।
পরদিন ৬ নভেম্বর চট্টগ্রামের চালিতাতলীতে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিবন্ধী অটোচালক ইদ্রিসকে গুলি করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। একই রাতে রাউজানের কোয়েপাড়া এলাকায় দু’পক্ষের মধ্যে গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনায় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মো. ইসমাইল, শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন রুবেল এবং বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল গুলিবিদ্ধ হন।
চান্দগাঁওয়ে বাবলা হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, সরওয়ার হোসেন বাবলা হত্যা মামলার দুই আসামি চান্দগাঁও থানাধীন হাজিরপুল এলাকায় অবস্থান করছে। এরপর শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে র্যাব-৭ চট্টগ্রামের একটি দল অভিযান চালিয়ে মো. আলাউদ্দিন (৪২) ও মো. হেলাল (৪০)-কে গ্রেফতার করে।

ইদ্রিসকে গুলি মামলার প্রধান আসামি ধরা
এছাড়া, চালিতাতলীতে অটোচালক ইদ্রিসকে গুলি করে আহত করার ঘটনায় জড়িত আসামি মো. আরমান আলী রাজ (২৭)-কে একই দিন রাতে বায়েজিদ বোস্তামী থানার রউফাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে বার্মা কলোনির বাসিন্দা আমানত আলীর ছেলে।

রাউজান সংঘর্ষে অস্ত্রসহ আরও তিনজন আটক
র্যাব-৭ জানায়, রাউজানের সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে চকবাজার থানার চন্দনপুরা এলাকায় অভিযান চালানো হয়। শুক্রবার রাত ১টা ৪০ মিনিটে ওই অভিযানে ইসতিয়াক চৌধুরী অভি (৩৮), মো. জনি (৩৮) এবং মাহমুদুল হক জ্যাকি (৩৫)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে,
গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সম্প্রতি সংঘটিত এসব গুলিবর্ষণ, হত্যাকাণ্ড ও সংঘর্ষের ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।