
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, “নির্বাচন নিয়ে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। নির্বাচন প্রলম্বিত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। কিন্তু দেশের মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায়—তারা ভোট দিতে চায়, গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। কোনো পরাজিত শক্তি বা তাদের দোসররা এই নির্বাচনী জোয়ার থামাতে পারবে না।”
তিনি বলেন, “দেশজুড়ে এখন নির্বাচনী হাওয়া বইছে। বহুদিন পর মানুষ নির্বাচনী উৎসবে মেতে উঠেছে। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সরকার ব্যর্থ হলে জাতি এ সরকারকে ক্ষমা করবে না।”
রবিবার (৯ নভেম্বর) বিকেলে নগরীর শাহ আমানত সংযোগ সড়কের রাজাখালী ব্রিজের মোড়ে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বক্সিরহাট ওয়ার্ড এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এ সমাবেশের আয়োজন করা হয়।
বক্কর বলেন, “১৯৭৫ সালের ১৫ আগস্ট জনগণ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য উদ্যোগ নিয়েছিল। একইভাবে ২০২৪ সালের ৫ আগস্ট দেশের সাধারণ মানুষ, ছাত্রসমাজ, রাজনৈতিক কর্মী ও ব্যবসায়ীরা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আন্দোলনে নেমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। দুটি ঘটনাই আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণের বিজয়ের প্রতীক।”
তিনি আরও বলেন, বিএনপি দেশের রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে দল ও জোটের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
সমাবেশের আগে তিনি রাজাখালী রোডের সামনে থেকে শুরু করে ভাঙ্গা ফুল, চালপট্টি, নতুন রাস্তা হয়ে বেড়া মার্কেট এলাকায় নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন—চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান, সাবেক ধর্ম সম্পাদক হাজী নুরুল আকতার, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তারেক আহমদ, সদস্য জসিম উদ্দিন মিন্টু, বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এস. এম. মফিজ উল্লাহ, বিএনপি নেতা হাজী ফেরদৌস ওয়াহিদ, হাজী নাছির উদ্দিন, হাজী আনিছুর রহমান, আবদুল খালেক, নরুল আবছার, মো. সেকান্দর, আবুল কালাম, সাইফুল ইসলাম মানিকসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
বক্তারা বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা জনগণের সহযোগিতা ও ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে এই আন্দোলনকে সফল করার আহ্বান জানান।