বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

ঢাকাকে হারিয়ে বিজয়ের হাসি চট্টগ্রাম নারী দলের

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯১

জাতীয় নারী টি-২০ ক্রিকেট লীগ ২০২৫-২৬ মৌসুমে দারুণ সূচনা করেছে চট্টগ্রাম বিভাগ। শনিবার (৮ নভেম্বর) সাভারের বিকেএসপি মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ঢাকা বিভাগকে ২০ রানে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে চট্টগ্রামের মেয়েরা।

টসে জিতে আগে ব্যাট করে চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৮১ রান সংগ্রহ করে। দলের হয়ে তাজ নেহার সর্বোচ্চ ২১ রান করেন। একা মল্লিক ও হাবিবা পিংকি যথাক্রমে ১৪ ও ১২ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। ঢাকার পক্ষে জেরিন লাবণ্য দুটি এবং নিশীতা ও খাদিজা একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ঢাকা বিভাগ। মাত্র তিন ওভারের মধ্যে দুই ওপেনারকেই হারায় তারা। ওপেনার মুরশিদা খান ১৭ ও মিডল অর্ডারে ফারজানা হক ১৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে চট্টগ্রামের বোলারদের শৃঙ্খলিত বোলিংয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ৬১ রানে থামে ঢাকার ইনিংস।

চট্টগ্রামের বাঁহাতি স্পিনার মেহেরুন্নেসা জয়া ছিলেন দুর্দান্ত ফর্মে। তিনি মাত্র ৩ ওভারে ৫ রান খরচায় ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। পাশাপাশি অধিনায়ক ফাহিমা খাতুন ৪ ওভারে ৭ রানে ২ উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকা রাখেন। অসাধারণ বোলিং প্রদর্শনের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন মেহেরুন্নেসা জয়া।

এই জয়ে চট্টগ্রাম বিভাগ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে এবং নিজেদের আত্মবিশ্বাসী সূচনা নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর