
চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে খুন হয়েছেন এক পিতা।
রবিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২নং ওয়ার্ড নয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের নাম আহমদ হোসেন (৫২)। তিনি ওই এলাকার জলিল বক্সের ছেলে। ঘাতক ছেলে মো. রিয়াদ (২২)—যাকে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আহমদ হোসেন ও তার ছেলে রিয়াদ দুজনেই কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফেরেন। রিয়াদ ব্যাটারিচালিত রিকশা চালাতেন এবং বাবা আহমদ হোসেন কৃষিকাজে যুক্ত ছিলেন। পারিবারিক আর্থিক টানাপোড়েন ও মাদকাসক্তি নিয়ে দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল।
রবিবার রাতে ওই বিরোধের জেরেই দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে রিয়াদ ক্ষিপ্ত হয়ে বাবার গলার ডানপাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আহমদ হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, রিয়াদ মাদকাসক্ত ছিলেন এবং এলাকার কিছু বখাটে ছেলের সঙ্গে নিয়মিত আড্ডা দিতেন। তিনি পরিবারের খরচ বহন করতেন না, বরং বাবার সঙ্গে প্রায়ই তর্ক ও হাতাহাতি করতেন।
ঘটনার পরপরই সাতকানিয়া থানা পুলিশ অভিযান শুরু করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউসার বলেন,
“ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ মাঠে নামে। পরে ওসি’র নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ জহির আমিন, এসআই মাহবুল করিম ও এসআই ইদ্রিসসহ থানার চৌকস টিম বাঁশখালী থানার পুকুরিয়া চৌমুহনী এলাকা থেকে রিয়াদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।”
তিনি আরও জানান, “গ্রেপ্তার আসামিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
পিতৃহত্যার এই ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।