
চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামকে “মীর জাফর” বলে উল্লেখ করে স্লোগান দেওয়ার ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন সংকটের মুখে পড়েছেন।
গত শনিবার বিকালে লায়ন হেলাল উদ্দিনের নেতৃত্বে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক মিছিলে অনুসারীরা মনোনীত প্রার্থীর বিরুদ্ধে এই স্লোগান দেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের কারণে দলীয় কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি নজরে এনেছে।
চট্টগ্রাম বিভাগের এক সিনিয়র নেতা সাংবাদিকদের জানান, “বিএনপির কেন্দ্রীয় ঘোষিত প্রার্থীর বিপক্ষে কোনো রকম কার্যক্রম গ্রহণযোগ্য নয়। লায়ন হেলাল অতীতে শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কৃত হলেও পরে দলের পক্ষে সক্রিয় ভূমিকা রাখায় তাকে দক্ষিণ জেলা সদস্য সচিব করা হয়েছিল। কিন্তু সম্প্রতি তার নেতৃত্বে আয়োজিত মিছিলে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্লোগান এবং সামাজিক মাধ্যমে অপপ্রচার দৃষ্টিগোচর হয়েছে। সতর্ক না হলে তাকে পুনর্বার বহিষ্কার করা হতে পারে।”
দলের হাই কমান্ড ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের সতর্ক করেছেন যে, কেন্দ্রীয়ভাবে মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করলে শাস্তির মুখোমুখি হতে হবে। মনোনয়ন পাওয়া যাই হোক না কেন, সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, মিছিলে কিছু ব্যক্তিকে পলাতক আওয়ামী লীগের অর্থ ও ভাড়াটিয়া লোক দিয়ে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র চালানোর অভিযোগও রয়েছে। বিষয়টি এলাকার রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করেছে।
দলের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং শৃঙ্খলা বজায় রেখে মনোনীত প্রার্থীর সমর্থন নিশ্চিত করতে তৎপর।