
চট্টগ্রাম কাস্টমস হাউস বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ কৃত্রিম মিষ্টিকারক ঘনচিনি (Sodium Cyclamate) আটক করেছে। সোমবার (১০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউসের অডিট, ইনভেস্টিগেশন ও রিসার্চ (এআইআর) টিম বন্দরে খালাসের শেষ মুহূর্তে চালানটি জব্দ করে।
কাস্টমস সূত্রে জানা যায়, আটককৃত চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান এস.পি. ট্রেডার্স, ঠিকানা—২১৮ মিটফোর্ড রোড, বংশাল, ঢাকা। প্রতিষ্ঠানটি গত ৪ অক্টোবর ২০২৫ তারিখে Polyaluminium Chloride ঘোষণায় চীন থেকে তিনটি কন্টেইনারে মোট ৬৩ মেট্রিক টন পণ্য আমদানি করে। চালানটি খালাসের জন্য সি বার্ড কর্পোরেশন, ২০০/বি জুবিলি রোড, চট্টগ্রাম—এর মাধ্যমে বিল অব এন্ট্রি নং ১৮২৮২৭৮, তারিখ ০৭.১০.২০২৫ দাখিল করা হয়।
খালাস প্রক্রিয়ার শেষ পর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে পণ্যের লোডিং স্থগিত করে কাস্টমস হাউস কর্তৃপক্ষ। পরবর্তীতে ২৮ অক্টোবর ২০২৫ তারিখে সিঅ্যান্ডএফ প্রতিনিধির উপস্থিতিতে চালানটির কায়িক পরীক্ষা (Physical Examination) সম্পন্ন করা হয়। পরীক্ষায় দুই ধরনের পণ্যের অস্তিত্ব পাওয়া গেলে, নমুনা সংগ্রহ করে কাস্টমস ল্যাবে পাঠানো হয়।
রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনে দেখা যায়, মোট ৬৩ মেট্রিক টনের মধ্যে ২৪ মেট্রিক টন পণ্য সত্যিকার অর্থে Polyaluminium Chloride, তবে বাকি ৩৯ মেট্রিক টন পণ্য আসলে ঘনচিনি (Sodium Cyclamate)।
পণ্যটি আমদানিকারক ঘোষণায় গোপন রেখে আমদানি করার চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে।
ঘনচিনি বা Sodium Cyclamate একটি কৃত্রিম মিষ্টিকারক (Artificial Sweetener), যা সাধারণ চিনির তুলনায় ৩০–৫০ গুণ বেশি মিষ্টি। এটি সাধারণত মিষ্টান্ন, বেকারি আইটেম, আইসক্রিম, পানীয়, চকোলেট, কনডেন্সড মিল্ক ও শিশু খাদ্যে ব্যবহৃত হয়ে থাকে।
জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় আমদানি নীতি আদেশ ২০২১–২০২৪ অনুযায়ী পণ্যটি আমদানি নিষিদ্ধ।
চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এই উপাদানে তৈরি খাদ্য দীর্ঘমেয়াদে ক্যান্সার, কিডনি ও লিভারের জটিল রোগ সৃষ্টি করতে পারে।
নিষিদ্ধ পণ্য আমদানি করায় কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী পণ্যচালানটি আটক করা হয়েছে। কাস্টমস হাউস, চট্টগ্রামের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত আমদানিকারক ও সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।