বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন

হাকিম হত্যাকাণ্ডে দ্রুত তদন্তে,আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতায় সন্তোষ প্রকাশ করলেন গিয়াস কাদের চৌধুরী

রাউজান প্রতিনিধি চট্টগ্রাম
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২৫

চট্টগ্রামে বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. আব্দুল হাকিম হত্যা মামলার রহস্য দ্রুততম সময়ে উদ্ঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ও রাউজান-রাঙ্গুনিয়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

শনিবার (৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি চট্টগ্রাম জেলা পুলিশ, র‍্যাব এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনীর সদস্যদের প্রশংসা জানান।

গিয়াস কাদের চৌধুরী বলেন, “দ্রুততম সময়ে বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. আব্দুল হাকিম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার— এ সাফল্য আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা ও আন্তরিকতারই প্রতিফলন। এজন্য আমি চট্টগ্রাম জেলা পুলিশ, র‍্যাবসহ সংশ্লিষ্ট সকল বাহিনীর সদস্যদের অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “গত ২০২৪ সালের নভেম্বর মাসে রাউজান উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর চিঠি লিখেছিলাম। দেরিতে হলেও প্রয়োজনীয় পদক্ষেপ এখন দৃশ্যমান হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই।”

গিয়াস কাদের চৌধুরী তার বার্তায় রাউজান অঞ্চলে সাম্প্রতিক সময়ে সংঘটিত সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। তিনি বলেন, “রাউজানবাসী ন্যায়বিচার ও নিরাপত্তা চায়। এসব হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদ্ঘাটন ও দোষীদের বিচারের মাধ্যমে এলাকার মানুষ তাদের আস্থা ফিরে পাবে।”

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাউজানের শান্তিশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তফসিল ঘোষণার আগে ও পরে রাউজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় মনোযোগী থাকবেন এবং চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর