
কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আটক রোহিঙ্গার নাম মো. নুরুল আমিন (২৪)। তিনি উখিয়া বালুখালী এফডিএমএন ক্যাম্প-১১, ব্লক এ-১২-এর মীর আহমদের ছেলে।
৬৪ বিজিবির উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র একটি বিশেষ টহলদল মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাজির ঘের সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় নীল লুঙ্গিতে মোড়ানো একটি খাকি রঙের প্যাকেট থেকে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। পরে রোহিঙ্গা যুবককে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।”
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি উখিয়া ও টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে, যাতে দেশের ভেতরে মাদকের প্রবাহ রোধ করা যায়।