
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এনামুল হক এনামের নেতৃত্বে জিরি ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় মালিয়ারা বাজারে এ কর্মসূচি পালিত হয়।
বিএনপি নেতা এনামুল হক এনাম বলেন, “বিএনপির রাজনীতি মানুষের কল্যাণের রাজনীতি। আমরা উন্নয়ন চাই, শান্তি প্রতিষ্ঠা চাই এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের প্রকৃত ও সার্বিক উন্নয়ন হয়। আমি পটিয়ার মানুষকে আশ্বস্ত করছি, আপনাদের সহযোগিতা ও সমর্থন পেলে প্রতিটি জনপদের সমান উন্নয়ন নিশ্চিত করব।”
তিনি আরো বলেন, “আজ দেশের জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ফ্যাসিস্ট শাসনের পতনের পরে এবার গণতন্ত্র প্রতিষ্ঠার সময়। প্রশাসন ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। জনগণ এবার ধানের শীষকে বিজয়ী করে বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের সুযোগ দিবে, এটাই আমাদের আশা।”
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম পটিয়াকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং বেকারমুক্ত করার প্রতিশ্রুতি দেন এবং বলেন— “আপনাদের একটি ভোটই পারে এই পরিবর্তনের সূচনা করতে। ধানের শীষে ভোট দিন, সত্যিকারের উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যান।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির সমর্থনে এ দিন বিএনপি নেতা এনামুল হক এনাম স্থানীয় দোকানদার, ব্যবসায়ী, পথচারী, শ্রমিক ও জনগণের হাতে লিফলেট তুলে দেন এবং বিএনপির উন্নয়নমুখী পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন: পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, সাবেক যুগ্ম আহবায়ক মো. মঈনুল আলম ছোটন, জিরি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী ইব্রাহিম সওদাগর, উপজেলা যুবদল আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হামিদুর রহমান পিয়ারু, সহসাধারণ সম্পাদক মশিউজ্জামান মিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকুসহ বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
তিনি বলেন— “আমরা শুধু নির্বাচনে জিততে চাই না, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ফিরিয়ে এনে জনগণের অধিকার নিশ্চিত করতে চাই। ক্ষমতা পেলে আমরা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জাতির ভবিষ্যত রোডম্যাপ তৈরি করব। আর সেই লক্ষ্যেই জনগণের পাশে রয়েছি, থাকব।”
এ কর্মসূচির মাধ্যমে পটিয়া উপজেলায় ধানের শীষ প্রতীকে ভোটাধিকার প্রতিষ্ঠা ও বিএনপির ভিত্তি মজবুত হচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।