
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী পদুয়া তেওয়ারী হাট বাজারে নির্মাণাধীন সরকারি প্লাটফর্ম ও রাস্তা অবৈধভাবে দখল করে স্থায়ী দোকানপাট বসানোর অভিযোগ উঠেছে কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এতে কৃষক ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

বাজারের ইজারাদার মোহাম্মদ আলমগীর অবৈধ দখল উচ্ছেদ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরে পৃথকভাবে দুটি লিখিত অভিযোগ করেছেন। শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি প্লাটফর্মের বাইরে গিয়ে সড়কের ওপর দোকান বসানো হয়েছে। এতে সাধারণ মানুষের চলাচলের পথ সঙ্কুচিত হয়ে পড়েছে। বিশেষ করে কৃষকদের ব্যস্ততম ফরিয়াদিকুল সড়কে বসে সবজি বিক্রি করতে হচ্ছে, ফলে প্রতিনিয়ত ওই এলাকায় যানজট দেখা দিচ্ছে।
অভিযোগকারী ইজারাদার মোহাম্মদ আলমগীর বলেন, “পদুয়া তেওয়ারী হাটের সুনাম নষ্ট হচ্ছে। অবৈধ স্থাপনার কারণে দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এতে আমার ইজারা আয়ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
এই বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, “অবৈধ দখলদার উচ্ছেদ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে অভিযান চালিয়ে দখল মুক্ত করে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কোনো অবস্থাতেই বাজারের সুনাম নষ্ট হতে দেওয়া হবে না।”