বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

বর্ণাঢ্য র‍্যালিতে জনস্রোত: আনোয়ারা–কর্ণফুলীতে ধানের শীষের পক্ষে একমত নেতাকর্মীরা

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৮৭

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, “ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের ঐক্য অটুট। কিছু কুচক্রী মহল নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলা ভাঙার অপচেষ্টা চালালেও আনোয়ারা–কর্ণফুলীর মানুষ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না।”

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কর্ণফুলী টানেল সংযোগ মোড় থেকে মিয়ারহাট পর্যন্ত বিশাল র‌্যালি শেষে তিনি এই বক্তব্য দেন। র‌্যালির পুরো পথজুড়ে ব্যানার–পোস্টার, স্লোগান আর নেতাকর্মীদের উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

র‍্যালি-পরবর্তী সমাবেশে সরওয়ার জামাল নিজাম বলেন,
“দেশনায়ক তারেক রহমান বিএনপিকে আরও সঙ্ঘবদ্ধ ও আধুনিক রাজনৈতিক শক্তিতে রূপান্তর করছেন। তিনি দেশের সর্বস্তরের মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতীক। ভবিষ্যতে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, বাংলাদেশ সমৃদ্ধি, উন্নয়ন ও গণতন্ত্রচর্চার নতুন অধ্যায়ে প্রবেশ করবে।”

তিনি আরও বলেন, “আনোয়ারা–কর্ণফুলীর মানুষ সবসময়ই গণতন্ত্রের পক্ষে। এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা যেভাবে মাঠে কাজ করছেন, তা দেশের অন্যান্য আসনের জন্যও উদাহরণ হয়ে থাকবে।”

আনোয়ারা ও কর্ণফুলীর বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে কয়েক হাজার নেতাকর্মী র‌্যালিতে অংশ নেন। টানেল সংযোগ মোড় থেকে র‌্যালি শুরুর পর মুহূর্তেই এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এত বড় রাজনৈতিক সমাবেশে এলাকা প্রাণবন্ত হয়ে উঠেছে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন—আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুরউদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট ফৌজুল আমীন, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির আনছার, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম, জাকারিয়া চৌধুরী জকু, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, সাহওয়াজ জামাল নিজাম (সনি), শহীদ জিয়ার প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের,সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমেদ, সদস্য সচিব ফারুক হোসেন, সহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের হাজারো কর্মী।

র‌্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আনোয়ারা–কর্ণফুলী অঞ্চলে ধানের শীষের জনসমর্থন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। মাঠপর্যায়ের নেতা–কর্মীদের ঐক্য, সরওয়ার জামাল নিজামের গ্রহণযোগ্যতা ও তারেক রহমানের প্রতি মানুষের আস্থা এই সমর্থন আরও সুদৃঢ় করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর