
রঙিন আলো, সুরের ঝংকার আর করতালির উচ্ছ্বাসে মুখরিত ছিল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। সেই হৃদয়গ্রাহী মুহূর্তে ঘোষিত হলো – “বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫”-এর ‘সেরা গায়িকা’ শিল্পী আক্তার রিয়ার নাম। গাজীপুরের মেয়ে রিয়া প্রমাণ করলেন, প্রতিভা ও অদম্য অধ্যবসায় থাকলে ছোট শহর থেকেও বড় স্বপ্ন সত্যি করা যায়।
গত শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় বাংলাদেশের অন্যতম বর্ণিল আয়োজন “বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড”-এর চতুর্থ আসর। সঙ্গীতের প্রতি অনন্য অবদান এবং জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবে ‘সেরা গায়িকা’র সম্মাননা তুলে দেওয়া হয় শিল্পী আক্তার রিয়ার হাতে। পুরস্কারটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন এবং জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম।
পুরস্কার পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগঘন কণ্ঠে রিয়া বলেন, “এই সম্মান আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে বাড়িয়ে দিয়েছে দায়িত্বও। এখন থেকে আরও ভালো কাজ করার তাগিদ অনুভব করছি।” তিনি আরও বলেন, “আমি শিল্পী আক্তার রিয়া নামেই গান গাইব, গান শুনিয়ে যাব, আর জীবনের শেষদিন পর্যন্ত মানুষের মন ছুঁয়ে যেতে চাই।”
অনুষ্ঠানে সঙ্গীত ও সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, সমাজসেবা, নেতৃত্বসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের ভিত্তিতে গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। আয়োজনটির পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন স্বপ্নীল সজীব। জুরি বোর্ডে ছিলেন কিংবদন্তি অভিনেত্রী রোজিনা, কণ্ঠশিল্পী খুরশিদ আলম, নির্মাতা জিনাত হাকিম, কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ এবং সংগীত পরিচালক আল মাসিদ রণ।
ক্যারিয়ার প্রসঙ্গে রিয়া জানান, তাঁর প্রথম অ্যালবাম “প্রেমে অনেক ঝাল”-এর পর “কাঙ্গালিনী” এবং “আমার দিলের মাঝে” গানগুলো তাকে শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে। তিনি আরও জানান, “রুনা লাইলা মেম ও সাবিনা ইয়াসমিন মেম ছাড়া প্রায় সবার সঙ্গেই একই মঞ্চে গান গাইতে পেরেছি, যা আমার জন্য গৌরবের।” জেমস, আসিফ আকবর, ইমরান, প্রিথম ও মনির খানের মতো জনপ্রিয় শিল্পীদের সঙ্গে কাজ করা তাঁর জীবনের বড় প্রাপ্তি বলে মন্তব্য করেন তিনি।
বগুড়ায় জন্ম এবং গাজীপুরে বেড়ে ওঠা রিয়া ছোটবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। তিনি এখন গুলশানে বসবাস করলেও সবসময় তার শেকড়-গাঁটছে গাজীপুরেই। দেশ-বিদেশের শ্রোতাদের ভালোবাসা, বিশেষ করে নেপাল, কাতার, লেবানন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে পারফর্ম করে যে সম্মান তিনি পেয়েছেন, তা রিয়ার কাছে স্মরণীয়।
এক সাধারণ পরিবার থেকে উঠে এসে দেশের সেরা পুরস্কার জয়— গাজীপুরের মেয়ে রিয়ার এই অর্জন প্রমাণ করে দিয়েছে, প্রতিভা আর দৃঢ়তা থাকলে স্বপ্ন সত্যি হবেই। নতুন প্রজন্মের কাছে তার গানের সুরই এখন অনুপ্রেরণা ও আশার আলো।