
লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। দীর্ঘ ১৭ বছর পর মুখোমুখি এই সাক্ষাতে তিনি চট্টগ্রাম নগরের সেবা ব্যবস্থায় সমন্বয়ের ঘাটতি, জলাবদ্ধতা নিরসনসহ নগর উন্নয়নের নানা বিষয় উপস্থাপন করেন এবং “নগর সরকার” গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
শনিবার (১৬ নভেম্বর) লন্ডনের কিংস্টোনে তারেক রহমানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় রাতভর চলে দুই নেতার আলোচনা। বৈঠকের পর বাংলাদেশ সময় রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাক্ষাতের ছবি প্রকাশ করেন মেয়র শাহাদাত। ছবিতে দেখা যায়, তিনি সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘উন্নয়ন প্রতিবেদন’ বইটি তারেক রহমানের হাতে তুলে দিচ্ছেন।
বৈঠক শেষে লন্ডন থেকে রোববার দেওয়া এক প্রতিক্রিয়ায় মেয়র বলেন—“আমি দায়িত্ব নেওয়ার পর একবছরে কতগুলো কাজ করেছি, কী পরিকল্পনা হাতে নিয়েছি এবং ভবিষ্যতে কী করতে চাই—সেসব বিষয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানাই। গত এক বছরে চট্টগ্রামের সব নালা–নর্দমা প্রায়ই পরিষ্কার করা হয়েছে। এর ইতিবাচক প্রভাব আমরা পেয়েছি—এ বছর জলাবদ্ধতা অনেকটাই কমেছে। আরও ২১-২২টি খাল খননের পরিকল্পনা জমা দিয়েছি। এগুলো বাস্তবায়ন হলে চট্টগ্রাম স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত হবে।”
তিনি আরও জানান—“চট্টগ্রামকে একটি ‘গ্রিন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি’ হিসেবে গড়ে তুলতে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। সেসব বিষয়ে তারেক রহমানের মূল্যবান পরামর্শও নিয়েছি।”
চট্টগ্রাম সিটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে প্রশাসনিক সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয় বলে জানান মেয়র। তিনি বলেন—“একেক সংস্থা একেকভাবে কাজ করে। পানি, বিদ্যুৎ, ড্রেনেজ—সবকিছুই আলাদা সংস্থার হাতে। ফলে সমন্বয়হীনতার কারণে নাগরিকরা ভোগান্তিতে পড়ে। নির্বাচিত মেয়রের নেতৃত্বে যদি আইনগত ক্ষমতাসম্পন্ন একটি ‘নগর সরকার’ গঠিত হয়, তাহলে এই সমস্যা দূর হবে।”
তিনি প্রস্তাব করেন—“বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে অবশ্যই চট্টগ্রামসহ মহানগরগুলোতে ‘নগর সরকার’ প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। এটা জনগণের দাবি, সময়ের দাবি।”
১৭ বছর পর মুখোমুখি সাক্ষাৎ
গত ১৭ বছরে তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা হয়নি মেয়র ডা. শাহাদাতের। বিএনপির নেতা হিসেবে বিভিন্ন সময়ে স্কাইপি ও অনলাইনের মাধ্যমে আলোচনায় যুক্ত হলেও বিদেশে গিয়ে সাক্ষাৎ করা সম্ভব হয়নি। দুইবার ভিসা প্রত্যাখ্যানের কারণে এবার কূটনৈতিক পাসপোর্টে সফরটি সফল হয়।
ব্যক্তিগত সফরে ৮ নভেম্বর লন্ডনে পৌঁছান মেয়র শাহাদাত। তারেক রহমানের সঙ্গে বৈঠক ছাড়াও তিনি বিভিন্ন পেশাজীবী ও প্রবাসী বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। আগামী ২১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।