বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

মানবিকতার প্রতীক ডিসি জাহিদুল—এবার চট্টগ্রামের দায়িত্বে

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০৯

মানবিকতার ছাপ রেখে ইতিহাস গড়া প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জ ছাড়ছেন, এবার নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে।

রবিবার (১৬ নভেম্বর) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের হাতে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নিলেন তিনি। আগামী মঙ্গলবার সকালে তিনি চট্টগ্রামের জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন।

নারায়ণগঞ্জের মানুষের কাছে পরিচিত ‘মানবিক ডিসি’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার অসহায়, দুর্গত ও দুর্বল মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয় জয় করেন।

বিদায় অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতার ঢল নেমে আসে জেলা প্রশাসকের কার্যালয়ে। রাজনৈতিক, সামাজিক, সাহিত্যিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তারা তাকে ঘিরে আবেগময় পরিবেশ সৃষ্টি করেন। কার্যালয়ের বিদায় সংবর্ধনা, বাংলোর আড্ডা কিংবা রাস্তায় দেখা হওয়া—সর্বত্রই চোখে পড়ে অশ্রুর ঝিলিক।

বিদায়বেলায় তিনি রেখে গেলেন আরেকটি মানবিক দৃষ্টান্ত—শারীরিক প্রতিবন্ধী ও সাহিত্যিক ইমরান আহম্মেদকে নিজের বাসায় আপ্যায়ন করে ইলেকট্রনিক হুইলচেয়ার উপহার দেন। কবি ইমরান বলেন, “ডিসি স্যার শুধু একটি চেয়ারই দেননি—উপহার দিয়েছেন চলার পথের আশার প্রদীপ।”

তার দায়িত্বকালীন সময়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ, কারাবন্দি, দরিদ্র কৃষক থেকে শুরু করে হকার ও ফ্যাক্টরি শ্রমিক—সবাই তার মানবিকতার ছোঁয়া পেয়েছেন। “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচি, দৃষ্টিপ্রতিবন্ধী সোহাগকে স্মার্টফোন, ২০ প্রতিবন্ধীকে হুইলচেয়ার, বিধবা সালমা জেরিনকে ল্যাপটপ, চিকিৎসা ব্যয়ে সহযোগিতা—প্রতিটি ক্ষেত্রেই ছিল তার উদাহরণযোগ্য দানশীলতা।

একজন শেষকৃত্যের বিল না দেওয়ার কারণে মরদেহ আটকে গেলে নিজ উদ্যোগে সেই বিল পরিশোধ করে মরদেহ ফিরিয়ে দেওয়া—এমন মানবিকতা তাকে দেশের মানুষের কাছে করে তুলেছে অবিস্মরণীয়।

উন্নয়নেও রেখে গেছেন নজির: নারায়ণগঞ্জে হাসপাতালের নবজাতক আইসিইউ চালু, আধুনিক ল্যাবরেটরি স্থাপন, ফুটবল একাডেমির শিশুর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ—উন্নয়ন আর মানবিকতা একসাথে মিলেছিল তার কাজে।

১৯৭৯ সালের অক্টোবর, টাঙ্গাইলের ভুয়াপুরে জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে উচ্চশিক্ষা শেষে রাশিয়ান ভাষায় ডিপ্লোমা ও যুক্তরাজ্যে মানবসম্পদ ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রি নেন। ২৫তম বিসিএসে প্রশাসনে যোগ দেওয়ার পর লালমনিরহাট, গাইবান্ধা, মৌলভীবাজার, নোয়াখালীর মতো জেলায় দায়িত্ব পালন করেন। কমলগঞ্জে ইউএনও হিসেবে ‘জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা’ স্বীকৃতি পান।

নারায়ণগঞ্জের বিদায়ী ডিসি হিসেবে জাহিদুল ইসলাম মিঞার প্রভাব ছিল নীরব, অনাড়ম্বর, কিন্তু গভীর মানবিকতায় ভরপুর। এখন তিনি চট্টগ্রামে যাচ্ছেন। সেখানে তিনি যে একই মানবিকতার আলোকবর্তিকা হয়ে আলো ছড়াবেন—সেটাই প্রত্যাশা।

চট্টগ্রাম অপেক্ষায় আছে একজন সফল প্রশাসক, একজন জনপ্রিয় নাগরিককণ্ঠের ‘মানবিক ডিসি’র জন্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর