চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নজরদারিতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট ও কসমেটিকস জব্দ করেছে কাস্টমস, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্স।
১৫ নভেম্বর (শনিবার) সন্ধ্যা ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট (BS 344) এর একজন যাত্রী মো. রাকিবুল ইসলাম (পাসপোর্ট নম্বর: A03229348) এর ব্যাগেজে তল্লাশী চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
অভিযানে দেখা যায়, তার ব্যাগেজে ৩২৬ কার্টুন বিদেশি সিগারেট এবং ৪৮ পিস আমদানি নিষিদ্ধ ক্রিম লুকিয়ে আনা হয়েছে। কাস্টমস সূত্রে জানা যায়, এসব সিগারেটের সরকারী শুল্ক মূল্য ধরা হয়েছে ১১ লাখ ৪১ হাজার টাকা।
কর্তৃপক্ষ জানান, জব্দ সিগারেটগুলো DM (Declared Market Value) মূল্যে বাজেয়াপ্ত করে কাস্টমস হাউস, চট্টগ্রামের হেফাজতে রাখা হয়েছে।
তবে অভিযুক্ত যাত্রী রাকিবুল ইসলাম প্রথমবার এ ধরণের অপরাধে জড়িত হওয়ায় তাকে মুচলেকাসহ সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমসের এক কর্মকর্তা জানান, "বিমানবন্দরের জেলা ও গোয়েন্দা সংস্থার সমন্বিত তৎপরতায় নিয়মিতই বিদেশ থেকে অবৈধভাবে পণ্য আনা বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান তারই অংশ।"
কর্তৃপক্ষের দাবি, এ ধরণের অভিযানের ফলে অবৈধ পণ্য চোরাচালানের প্রবণতা কমবে এবং সরকারের রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়বে।
উল্লেখ্য, সিগারেট এবং কিছু কসমেটিকস সামগ্রী দেশে আনতে হলে নির্দিষ্ট বিধি মেনে শুল্ক ও অনুমতি নিতে হয়। কিন্তু চোরাই পথে তা আমদানি করলে তা অপরাধ হিসেবে গণ্য হয়।